সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬ ১৩:৩৪ (বুধবার)
সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল

চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের পূর্বের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার (২৩ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা বাদীপক্ষের আবেদনের পর এ আদেশ দেন।

মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম আদালতে আবেদন করে জানান, প্রায় তিন দশক পেরিয়ে যাওয়ায় প্রাকৃতিক কারণে সালমান শাহর মরদেহের দেহাবশেষ থেকে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। আবেদনে আরও উল্লেখ করা হয়, ১৯৯৭ সালে আদালতের নির্দেশে একবার মরদেহ উত্তোলন করা হয়েছিল এবং তখন তা অত্যন্ত পচনশীল অবস্থায় পাওয়া যায়।

এছাড়া, হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে দাফন করা সালমান শাহর মরদেহ বারবার উত্তোলন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং জনমনে উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কা সৃষ্টি করতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়। এ বিষয়ে তথ্য প্রদানকারী নীলা চৌধুরী এবং বাদীপক্ষের আপত্তির কথা আদালতকে জানানো হয়।

শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে মরদেহ উত্তোলনের আগের অনুমতি বাতিল করেন।

এর আগে গত ২৪ মে আদালত সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিলেন। তবে সর্বশেষ আদেশে সেই অনুমতি কার্যকর থাকছে না।

উল্লেখ্য, গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত। পরে নীলা চৌধুরীর পক্ষে মোহাম্মদ আলমগীর কুমকুম হত্যা মামলা দায়ের করেন। মামলায় সামীরা হক ও ডনসহ ১১ জনকে আসামি করা হয়।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.