ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি

প্রকাশিত: ২২ জুন, ২০২৬ ২০:৩০ (মঙ্গলবার)
ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি

সিলেটের সদ্য প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে উদ্দেশ্য করে লেখা একটি খোলা চিঠি ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। চিঠিটি শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনার সময় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (২২ জুন) বিকেলে মাজারের তিনটি দানবাক্স (ডেগচি) খোলার সময় চিঠিটি পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব।

চিঠিতে এক ব্যক্তি নিজেকে সারওয়ার আলমের শুভাকাঙ্ক্ষী পরিচয় দিয়ে মাজারকেন্দ্রিক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তার নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন। তিনি দাবি করেন, এসব উদ্যোগের কারণে সিলেটসহ দেশ-বিদেশে অবস্থানরত বিপুলসংখ্যক মানুষ সারওয়ার আলমের পক্ষে অবস্থান নিয়েছেন।

এছাড়া চিঠিতে শাহজালাল মাজারের এক কেরানির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়। লেখক দাবি করেন, মাজারের আর্থিক অনিয়ম ও সম্পদ ব্যবস্থাপনায় ওই ব্যক্তির ভূমিকা নিয়ে নানা আলোচনা রয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

উল্লেখ্য, রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। আদেশে প্রত্যাহারের কারণ বা তার স্থলাভিষিক্ত কর্মকর্তার নাম উল্লেখ করা হয়নি।

২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম ২০২৫ সালের আগস্টে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে তিনি দেশজুড়ে ব্যাপক পরিচিতি ও প্রশংসা অর্জন করেন। পরবর্তীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন এবং পরে উপসচিব পদে পদোন্নতি লাভ করেন।

 

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.