এক পরিসংখ্যান বলছে ‘ফাইনাল খেলবে’ ব্রাজিল!
মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই ম্যাচে প্রত্যাশিত ছন্দে দেখা না যাওয়ায় কার্লো আনচেলত্তির দলকে নিয়ে সমালোচনা ও শঙ্কা তৈরি হয়েছিল।
তবে দ্বিতীয় ম্যাচেই ভিন্ন এক ব্রাজিলকে দেখল ফুটবল বিশ্ব। ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে সেলেসাওরা। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। ম্যাথিউস কুনহার জোড়া গোলের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের একটি দুর্দান্ত গোল ব্রাজিলকে এনে দেয় স্বস্তিদায়ক অবস্থান।
বিরতির পর গোলের সংখ্যা আর না বাড়লেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরো সময়ই ছিল ব্রাজিলের হাতে। হাইতি উল্লেখযোগ্য কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।
এই জয় শুধু তিন পয়েন্টই এনে দেয়নি, ফিরিয়ে এনেছে পুরোনো এক পরিসংখ্যানও। বিশ্বকাপ ইতিহাসে এর আগে চারবার প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা ম্যাচ খেলেছিল ব্রাজিল, আর প্রতিবারই তারা পৌঁছেছিল ফাইনালে। ১৯৫০ সালে দুইবার, ১৯৯৮ সালে একবার এবং ২০০২ সালে একবার এমন ঘটনা ঘটেছিল।
যদিও ১৯৫০ সালে উরুগুয়ে ও ১৯৯৮ সালে ফ্রান্সের কাছে ফাইনালে হারতে হয়েছিল, তবু ২০০২ সালে জার্মানিকে হারিয়ে পঞ্চম শিরোপা জয়ের স্মৃতি এখনও উজ্জ্বল।
অবশ্য পরিসংখ্যান ট্রফি জেতায় না। তবুও হাইতির বিপক্ষে এই দাপুটে পারফরম্যান্স ব্রাজিল সমর্থকদের মনে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে—হয়তো ২০২৬ বিশ্বকাপেও সেলেসাওরা পৌঁছে যাবে মহারণের মঞ্চে।
আইটি ল্যাব সলিউশন্স লি.