স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার, জানালেন আনচেলত্তি

প্রকাশিত: ২০ জুন, ২০২৬ ১১:৪৩ (রবিবার)
স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার, জানালেন আনচেলত্তি

হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে ফিরতে প্রস্তুত রয়েছেন দলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, “নেইমার দ্রুত সুস্থ হয়ে উঠছেন। আগামীকাল তিনি ব্যক্তিগত অনুশীলন করবেন এবং সোমবার থেকে দলের সঙ্গে পূর্ণমাত্রার ট্রেনিংয়ে যোগ দেবেন। স্কটল্যান্ডের বিপক্ষে তাকে পাওয়া যাবে।”

পায়ের পেছনের মাংসপেশিতে দ্বিতীয় স্তরের চোট পাওয়ায় বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফুটবলার। তার অনুপস্থিতিতে প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। তবে হাইতির বিপক্ষে জয় তুলে নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে সেলেসাওরা।

চোটের কারণে মরক্কো ম্যাচে বেঞ্চে থাকলেও মাঠে নামানো হয়নি নেইমারকে। পরে পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে হাইতি ম্যাচের সময় তাকে দলের নিউ জার্সির বেস ক্যাম্পে রাখা হয়। চিকিৎসকদের মতে, এ ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে।

অন্যদিকে, হাইতির বিপক্ষে ম্যাচে চোটে পড়ে মাঠ ছাড়েন ব্রাজিলের আরেক গুরুত্বপূর্ণ তারকা রাফিনহা। তার চোটের অবস্থা নিয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন আনচেলত্তি।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.