সিলেট হবে আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণের কেন্দ্র: পর্যটনমন্ত্রী
সিলেটকে আন্তর্জাতিকমানের পর্যটন ও বিমান যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সিলেটের পর্যটন অবকাঠামো ও বিমানবন্দর উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগানে আয়োজিত তিন দিনব্যাপী হারমনি ফেস্টিভাল সিজন-২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
আফরোজা খানম রিতা জানান, সরকার দেশের পর্যটন খাতের উন্নয়নে একটি বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে, যেখানে সিলেট অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত অঞ্চল। তিনি বলেন, সিলেটকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে পর্যটন অবকাঠামো, বিমানবন্দর এবং সংশ্লিষ্ট সেবাগুলোকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করা হবে।
তিনি আরও বলেন, সিলেট বিমানবন্দরের আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানে উন্নয়নের কাজ শিগগিরই শুরু হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ অঞ্চলের অন্যান্য বিমানবন্দরের উন্নয়ন ও কার্যকর ব্যবহারের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মন্ত্রী বলেন, হারমনি ফেস্টিভাল শুধু সাংস্কৃতিক আয়োজন নয়, বরং সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য প্ল্যাটফর্ম। এবারের উৎসবে ২৯টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণ দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুনভাবে তুলে ধরেছে।
তিনি জানান, সরকার কমিউনিটি-ভিত্তিক, এথনিক ও টেকসই পর্যটন বিকাশে গুরুত্ব দিচ্ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্যকে পর্যটনের সম্পদ হিসেবে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির, সংসদ সদস্য এম. নাসের রহমান ও মো. মুজিবুর রহমান চৌধুরী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার।
আইটি ল্যাব সলিউশন্স লি.