হাওরে মাছ শিকারের সময় বজ্রপাতে দুই ভাইসহ ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬ ০১:৪১ (শনিবার)
হাওরে মাছ শিকারের সময় বজ্রপাতে দুই ভাইসহ ৩ জনের মৃত্যু

মৌলভীবাজারের রাজনগর উপজেলার তিন জেলে হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। তবে তাঁদের মধ্যে একজনের মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার দুপুরের দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা পূর্ব কাটুটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের বাসিন্দা সাব্বির মিয়া, কাবিল মিয়া ও হামিদ মিয়া। কাবিল ও হামিদ সম্পর্কে আপন দুই ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো তিনজনই নৌকা নিয়ে হাকালুকি হাওরে মাছ ধরতে যান। মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এ সময় কাবিল মিয়ার মরদেহ হাওরের পানিতে তলিয়ে যায়। পরে হামিদ ও সাব্বিরের মরদেহ উদ্ধার করা হলেও কাবিলের খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্য ও ডুবুরি দল অভিযান চালাচ্ছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আরেকজনের মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল কাজ করছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.