সিলেটের শাহজালাল মাজারে দানের ডেগ সিলগালা

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬ ০১:৩৬ (শনিবার)
সিলেটের শাহজালাল মাজারে দানের ডেগ সিলগালা

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে দান সংগ্রহের পদ্ধতিতে নতুন ব্যবস্থা চালু করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে মাজারে থাকা দানের তিনটি বড় ডেগ (বিশাল হাঁড়ি) সিলগালা করা হয়। একই সঙ্গে প্রশাসনের তত্ত্বাবধানে নতুন দানবাক্স স্থাপন এবং সেগুলোর নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে মাজারের অর্থ ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে ভক্তদের দেওয়া অনুদান নির্ধারিত দানবাক্সে জমা হবে এবং পুরো প্রক্রিয়া প্রশাসনিক নজরদারির আওতায় থাকবে।

আবদুল বাছিত মোল্লা বলেন, দান সংগ্রহের কার্যক্রমকে সুশৃঙ্খল ও নিরাপদ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থার ফলে দানের অর্থ সংরক্ষণ ও হিসাব ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে গত শুক্রবার সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসনের উদ্যোগে দুই মাজারের দানবাক্সে তালা লাগিয়ে আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার কার্যক্রম শুরু হয়।

মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় মো. সারওয়ার আলম জানান, আগামী এক মাস জেলা প্রশাসন, ওয়াক্ফ এস্টেট এবং মাজার কর্তৃপক্ষ যৌথভাবে আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ করবে। এ সময়ে দানের উৎস, ব্যয়ের খাত এবং সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করা হবে।

তিনি আরও জানান, ভবিষ্যতে হিসাব সংরক্ষণে ডিজিটাল পদ্ধতি চালু এবং নিয়মিত অডিটের ব্যবস্থা গ্রহণের বিষয়েও পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে জেলা প্রশাসন।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.