ব্রাজিল ভক্তদের দুঃসংবাদ দিলেন নেইমার
বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। তবে এই ম্যাচে দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে দেখা যাবে না। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, চোট থেকে পুরোপুরি সেরে ওঠার প্রক্রিয়া চালিয়ে যেতে তিনি দলের সঙ্গে ফিলাডেলফিয়ায় সফর করছেন না।
৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড নিউ জার্সিতেই অবস্থান করবেন এবং সেখানে উন্নত চিকিৎসা ও পুনর্বাসন সুবিধার মধ্যে তার ফিটনেস ফিরে পাওয়ার কাজ চলবে। ব্রাজিল শিবির এখন কোনো ঝুঁকি নিতে চায় না; তাদের মূল লক্ষ্য নকআউট পর্বে নেইমারকে পুরোপুরি প্রস্তুত অবস্থায় পাওয়া।
প্রায় এক মাস আগে সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফে গ্রেড-টু মাংসপেশির চোটে পড়েন নেইমার। সেই কারণে বিশ্বকাপের প্রস্তুতির বড় একটি সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। এরপরও তার অভিজ্ঞতা ও নেতৃত্বের মূল্য বিবেচনা করে কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপ দলে তাকে অন্তর্ভুক্ত করেন।
সম্প্রতি ব্রাজিল সমর্থকদের জন্য কিছুটা ইতিবাচক খবরও এসেছে। বুধবার প্রথমবারের মতো বিশ্বকাপ চলাকালে দলের অনুশীলনে সতীর্থদের সঙ্গে দেখা গেছে নেইমারকে। রাফিনিয়া, ব্রুনো গিমারাইস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ফাবিনিয়োর সঙ্গে তিনি কিছু সময় অনুশীলনে অংশ নেন।
তবে তার অংশগ্রহণ ছিল সীমিত। অল্প সময় দলের সঙ্গে কাজ করার পর তিনি আবার ব্যক্তিগত পুনর্বাসন কার্যক্রমে ফিরে যান। এর আগের দিনও কোচিং স্টাফের তত্ত্বাবধানে এককভাবে দৌড় ও ফিটনেস অনুশীলন করেছিলেন তিনি।
ব্রাজিল দলের আশা, নকআউট পর্ব শুরুর আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন নেইমার। তাই শুধু হাইতির বিপক্ষেই নয়, গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেও তাকে বিশ্রামে রাখা হতে পারে।
গত কয়েক বছর ধরে চোটই যেন নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তার বাঁ হাঁটুর এসিএল ও মেনিস্কাসে গুরুতর চোট লাগে। এরপর দীর্ঘ পুনর্বাসন ও বিশ্রামের কারণে প্রায় ৭০০ দিন ব্রাজিল জাতীয় দলের বাইরে থাকতে হয়েছে তাকে।
মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। হাইতির বিপক্ষে জয় অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে কোচ আনচেলত্তির কাছে আরও গুরুত্বপূর্ণ হলো নকআউট পর্বের জন্য দলকে সেরা অবস্থায় প্রস্তুত রাখা। আর সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন নেইমার, যাকে ব্রাজিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের জন্য সংরক্ষণ করে রাখতে চায়।
আইটি ল্যাব সলিউশন্স লি.