হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল
বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষ হওয়ার পর প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। সেনেগালের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নিয়ে ফ্রান্স এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। অন্যদিকে কেপ ভার্দের সঙ্গে ড্র করায় স্পেন এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে।
মরক্কোর সঙ্গে ১-১ গোলে সমতা করলেও লাভ হয়েছে ব্রাজিলের। ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র করে পয়েন্ট হারানো পর্তুগাল পঞ্চম থেকে সপ্তম স্থানে নেমে যাওয়ায় ব্রাজিল উঠে এসেছে পঞ্চম স্থানে। একই ম্যাচে ব্রাজিলের সঙ্গে ড্র করা মরক্কোও এক ধাপ এগিয়ে এখন ষষ্ঠ অবস্থানে রয়েছে।
শীর্ষ দশের মধ্যেও কিছু রদবদল হয়েছে। জার্মানি এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে, আর বেলজিয়াম নেমে গেছে দশম স্থানে। তবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস নিজেদের অবস্থান ধরে রেখেছে; তারা যথাক্রমে চতুর্থ ও অষ্টম স্থানে রয়েছে।
র্যাঙ্কিংয়ের শীর্ষে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। আলজেরিয়ার বিপক্ষে জয় পাওয়ার পরও আর্জেন্টিনা আগের মতোই এক নম্বরে রয়েছে। তাদের পয়েন্ট বেড়ে হয়েছে ১৮৮৯.০৬। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের সঙ্গে ব্যবধান এখন মাত্র দুই পয়েন্ট।
এদিকে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে কলম্বিয়া ১১তম স্থানে উঠে এসেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়ে মেক্সিকো অবস্থান নিয়েছে ১৩ নম্বরে। ইংল্যান্ডের কাছে হারের ফলে ক্রোয়েশিয়া তিন ধাপ পিছিয়ে এখন ১৪তম স্থানে রয়েছে।
প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় তুলে নিয়ে যুক্তরাষ্ট্র দুই ধাপ এগিয়ে ১৫তম স্থানে পৌঁছেছে। জাপানও এক ধাপ উন্নতি করে ১৭ নম্বরে উঠে এসেছে। আর ডিআর কঙ্গো তিন ধাপ এগিয়ে এখন ৪৩তম স্থানে অবস্থান করছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.