শিবগঞ্জ লাকড়িপাড়ার দীর্ঘদিনের ভোগান্তি চিহ্নিত - সিসিক
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ২০ নম্বর ওয়ার্ডের শিবগঞ্জ লাকড়িপাড়া এলাকায় দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যা ও সড়কের দুরবস্থা চিহ্নিত করা হয়েছে। স্থানীয় জনগণের ভোগান্তি নিরসনে পর্যায়ক্রমে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে ২০ নম্বর ওয়ার্ডের শিবগঞ্জ এলাকার ঐতিহ্যবাহী আকবরী জামে মসজিদ এবং লাকড়িপাড়া এলাকা সরেজমিন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, আকবরী জামে মসজিদ সিলেটের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা। কিন্তু মসজিদের পাশ দিয়ে প্রবাহিত পুরোনো ছড়ার বড় একটি অংশ দখল হয়ে যাওয়ায় ওই এলাকায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনে সমস্যা দেখা দিচ্ছে। পাশাপাশি আশপাশের বেশ কয়েকটি সড়কে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বাড়ছে।
তিনি বলেন, শিবগঞ্জ-লাকড়িপাড়া নগরীর একটি গুরুত্বপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকা। তাই এ অঞ্চলের জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, ড্রেন নির্মাণ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, সিটি কর্পোরেশন নগরীর বিভিন্ন ওয়ার্ডে সরেজমিন পরিদর্শনের মাধ্যমে সমস্যা চিহ্নিত করছে এবং স্থানীয় বাসিন্দাদের মতামত ও প্রয়োজনের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছে। প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করে ধাপে ধাপে এসব সমস্যার স্থায়ী সমাধান করা হবে। নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে সিটি কর্পোরেশন প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে।
পরিদর্শনকালে সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লোকমানুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.