১৬ বছর আগের সেই ‘জ্বালাময়ী সত্য’ নিয়ে মুখ খুললেন প্রভা
দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এতদিন বিষয়টি নিয়ে নীরব থাকলেও সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি নিজের ক্ষোভ, কষ্ট ও অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।
ভিডিও বার্তায় প্রভা বলেন, দীর্ঘদিন ধরে কিছু স্পর্শকাতর বিষয় নিয়ে চুপ থাকলেও এখন তাঁর মনে হয়েছে কিছু কঠিন সত্য সামনে আনা প্রয়োজন। একজন সচেতন নাগরিক হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি এ বিষয়ে কথা বলছেন।
সাইবার বুলিংকারীদের মানসিকতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, অনেকেই নিজেদের নিরাপত্তাহীনতা, ব্যর্থতা কিংবা ব্যক্তিগত জীবনের হতাশা থেকে অন্যদের আক্রমণ করেন। বিশেষ করে শিল্পী ও পরিচিত ব্যক্তিদের লক্ষ্য করে করা বিদ্বেষমূলক মন্তব্যের পেছনে অনেক সময় ব্যক্তিগত ক্ষোভ ও অসন্তুষ্টি কাজ করে বলে মন্তব্য করেন তিনি।
নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে প্রভা জানান, গত ১৬ বছর ধরে তিনি নিয়মিতভাবে মানসিক নির্যাতন ও কটূক্তির শিকার হয়েছেন। এমন আচরণ একজন মানুষের ওপর কতটা মানসিক চাপ সৃষ্টি করতে পারে, তা তুলে ধরে তিনি বলেন, সমাজের একটি অংশ যেন এসব নির্যাতনকে বিনোদন হিসেবে দেখে।
ভিডিও বার্তায় ভিকটিম ব্লেমিং বা ভুক্তভোগীকেই দায়ী করার সামাজিক প্রবণতারও সমালোচনা করেন এই অভিনেত্রী। তাঁর অভিযোগ, অপরাধীদের জবাবদিহির আওতায় আনার পরিবর্তে সমাজ অনেক সময় ভুক্তভোগীকেই কাঠগড়ায় দাঁড় করায়, যা একটি গুরুতর সামাজিক সমস্যা।
প্রভা আরও বলেন, কারও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, সম্মতি ছাড়া ব্যক্তিগত তথ্য প্রকাশ কিংবা অনলাইনে হয়রানির মতো কর্মকাণ্ডকে শুধু নিন্দা করলেই হবে না, এসবের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সাইবার বুলিং প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধীর বদলে ভুক্তভোগীকে দোষারোপ করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তাঁর এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.