শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে প্যান্ডেল ধস, সৃষ্টি হলো আতঙ্ক
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানকে ঘিরে নির্মিত প্যান্ডেলের একটি অংশ প্রবল বাতাসে ভেঙে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অনুষ্ঠানের মূল মঞ্চও অক্ষত রয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপকারভোগী ও আমন্ত্রিত অতিথিদের বসার জন্য তৈরি করা প্যান্ডেলের একাংশ হঠাৎ বাতাসের ঝাপটায় ধসে পড়ে। এতে সেখানে উপস্থিত লোকজনের মধ্যে সাময়িক আতঙ্ক সৃষ্টি হয় এবং অনেকেই দ্রুত নিরাপদ স্থানে সরে যান।
ঘটনার পর আয়োজকরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রধান অতিথির আগমনের আগেই ক্ষতিগ্রস্ত অংশ অপসারণ করে বিকল্প বসার ব্যবস্থা করা হয়।
এদিকে প্যান্ডেল ধসের ঘটনায় মূল মঞ্চ কিংবা অনুষ্ঠানস্থলের অন্য কোনো স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি অব্যাহত রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.