গণভোটের রায় বাস্তবায়ন না হলে ১৯৯৬ সালের মতো পরিস্থিতি তৈরি হতে পারে: শফিকুর রহমান

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ১৭:১৬ (সোমবার)
গণভোটের রায় বাস্তবায়ন না হলে ১৯৯৬ সালের মতো পরিস্থিতি তৈরি হতে পারে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন করা না হলে ১৯৯৬ সালের মতো রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের রায় উপেক্ষা করা হলে মানুষ রাজপথে নামতে বাধ্য হবে।

শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে ১১ দলীয় জোট আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

বক্তব্যে শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। যদি তা বাস্তবায়ন না করা হয়, তাহলে ১৯৯৬ সালের মতো পরিস্থিতি তৈরি হবে। সে সময় যেমন তত্ত্বাবধায়ক সরকার বিল এনে পাস করতে সরকার বাধ্য হয়েছিল, এবারও জনগণের চাপেই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে।

তিনি আরও বলেন, “ভালোভাবে বিষয়টি মেনে নিন। জনগণকে রাজপথে নামতে বাধ্য করবেন না। আমরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাই, উত্তেজনা সৃষ্টি করতে চাই না।”

তিনি সরকারের উদ্দেশে বলেন, দীর্ঘদিন একইভাবে শাসন চলবে না। সময় সীমিত, এই সময়ের মধ্যে পরিবর্তন হলে তারা সেটিকে স্বাগত জানাবেন, না হলে জনগণই পরিণতির বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বাজেট ও রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিরোধী দলের প্রতিক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। এতে ক্ষুব্ধ হওয়ার কিছু নেই। জনগণের মতামত উপেক্ষা করা হলে তা দীর্ঘমেয়াদে রাজনৈতিক সংকট তৈরি করবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মুহাম্মদ শাহজাহান।

এতে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।

এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মামুনুল হক, সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান এবং আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদসহ অনেকে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.