প্রাথমিক শিক্ষক বদলিতে স্থানীয় প্রশাসনের ক্ষমতা বাড়ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ১৬:৪৯ (সোমবার)
প্রাথমিক শিক্ষক বদলিতে স্থানীয় প্রশাসনের ক্ষমতা বাড়ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত সংস্কারের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়ার পাশাপাশি আগামী দুই বছরের মধ্যে শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনার কথা জানিয়েছেন তিনি।

রোববার সকালে রাজধানীর বনানীতে অনুষ্ঠিত ‘বাংলাদেশের শিক্ষা খাত বিশ্লেষণ’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব পরিকল্পনার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পুরো শিক্ষাব্যবস্থাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা প্রাথমিক স্তর থেকেই শক্ত ভিত্তির ওপর গড়ে উঠতে পারে। সরকারের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নেওয়া পদক্ষেপ বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী ঘোষণা দেন, আগামী বছরের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারি উদ্যোগে মিড-ডে মিল, ইউনিফর্ম, স্কুল ব্যাগ ও জুতা সরবরাহ করা হবে। একই সঙ্গে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণি চালু করা হবে।

অভিভাবকদের সরকারি বিদ্যালয়ের প্রতি আস্থা ফিরিয়ে আনতে শিক্ষার গুণগত মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে ববি হাজ্জাজ বলেন, এখন থেকে শিক্ষা খাতে ব্যয় হওয়া প্রতিটি অর্থের বিপরীতে বাস্তব ফলাফল কঠোরভাবে মূল্যায়ন করা হবে।

শিক্ষক বদলি প্রক্রিয়ায় অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তিনি বলেন, অতীতে বদলিকে কেন্দ্র করে বড় ধরনের সিন্ডিকেট ও বাণিজ্য গড়ে উঠেছিল। এই অপতৎপরতা বন্ধে প্রাথমিক শিক্ষকদের বদলির পুরো প্রক্রিয়া স্থানীয় প্রশাসনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, আগামী দুই বছরের মধ্যে প্রয়োজনীয় পেশাগত প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে শ্রেণিকক্ষে পাঠদান করতে দেওয়া হবে না।

এ ছাড়া ২০২৭ সালের কারিকুলামে প্রাথমিক পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক শিক্ষা বাধ্যতামূলক করা হবে। দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি অভিন্ন ‘স্কুল ক্যালেন্ডার’ প্রণয়ন করা হবে, যা শিক্ষাবর্ষের শুরু থেকেই অনুসরণ করতে হবে।

কারিকুলাম সংস্কার, শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামোর আধুনিকায়ন এবং প্রশাসনিক স্বচ্ছতার মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য শেষ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.