দুবাইয়ে আটক বেনজীরের কাছে মিলল তিন দেশের পাসপোর্ট

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ১৬:১৬ (সোমবার)
দুবাইয়ে আটক বেনজীরের কাছে মিলল তিন দেশের পাসপোর্ট

দুবাইয়ে আটক হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে বাংলাদেশ, পর্তুগাল ও সংযুক্ত আরব আমিরাত—এই তিন দেশের পাসপোর্ট পাওয়া গেছে বলে জানিয়েছে দুবাইয়ের একটি নির্ভরযোগ্য সূত্র।

 তথ্য অনুযায়ী, গত ১২ জুন দুবাইয়ে পৌঁছানোর পর তাকে আটক করা হয় এবং বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে দুদকের একটি মামলার সূত্র ধরে বেনজীর আহমেদকে দুবাইয়ে আটকের বিষয়টি বাংলাদেশ পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তাও নিশ্চিত করেন।

জানা গেছে, দুদকের মামলায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়। সেই নোটিশের ভিত্তিতেই দুবাই পুলিশ তাকে আটক করেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি।

আজ সকালে বিশ্বস্ত সূত্রে বেনজীর আহমেদের আটকের খবর পাওয়ার পর পুলিশ সদর দপ্তরের দুই অতিরিক্ত আইজিপি, একজন ডিআইজি এবং একজন এআইজির সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি নিশ্চিত করেন। তবে কেউই আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে কিংবা নাম প্রকাশে সম্মত হননি।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, গত ১২ জুন দুবাই ইন্টারপোল থেকে বাংলাদেশ পুলিশের কাছে পাঠানো এক চিঠিতে বেনজীর আহমেদকে দুবাই পুলিশের হেফাজতে নেওয়ার তথ্য জানানো হয়।

আরেক পুলিশ কর্মকর্তা বলেন, দুদকের মামলায় ইন্টারপোলের মাধ্যমে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে এবং তাকে দেশে ফিরিয়ে আনার জন্য স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.