"সব মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ একজনের হাতে: জামায়াত আমির"
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান দাবি করেছেন, বর্তমান সরকারের একজন মন্ত্রী কার্যত সব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এমনকি প্রধানমন্ত্রীর বক্তব্যও ওই মন্ত্রীর মাধ্যমেই জনগণের সামনে আসে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
বক্তব্যে শফিকুর রহমান বলেন, চট্টগ্রামের মানুষ যেন একটি "বিশেষ সুবিধা" পেয়েছে। কারণ, তাদের জেলায় এমন একজন মন্ত্রী রয়েছেন, যিনি নাকি সব বিষয়ে পারদর্শী এবং একাই সব মন্ত্রণালয়ের কাজ পরিচালনা করেন। তিনি ব্যঙ্গ করে বলেন, ‘এমন জেলা আর নেই, যেখানে একজন মন্ত্রী সব মন্ত্রণালয় চালান। এমনকি প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়।’ এ সময় প্রধানমন্ত্রীর আশপাশে থাকা ব্যক্তিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সরকার পরিবর্তনের পর চাঁদাবাজি ও দুর্নীতি কমবে বলে জনগণের প্রত্যাশা ছিল উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, বাস্তবে পরিস্থিতির উন্নতি হয়নি; বরং চাঁদাবাজি বেড়েছে। দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও এখন দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মুহাম্মদ শাহজাহান। এতে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম)।
আইটি ল্যাব সলিউশন্স লি.