সিলেটের কানাইঘাটে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ১০:৩৪ (বুধবার)
সিলেটের কানাইঘাটে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরা পশ্চিম গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (দুপুর) বাড়ির পুকুর থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিশু হলো একই গ্রামের সুহেল আহমদের চার বছর বয়সী মেয়ে আনিসা বেগম এবং তার ভাগনি পাঁচ বছর বয়সী ফারিয়া। ফারিয়ার বাড়ি পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলার দাসের গ্রামে। সে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, দুপুরে বাড়ির আঙিনায় খেলছিল আনিসা ও ফারিয়া। একপর্যায়ে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধার করা হয়। দ্রুত কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ মরদেহ থানায় নিয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করে। পরে দুই শিশুর দাফন সম্পন্ন হয়েছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.