সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ইয়াং স্টার ক্লাব

প্রকাশিত: ১০ জুন, ২০২৬ ১৯:৩৯ (বৃহস্পতিবার)
সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ইয়াং স্টার ক্লাব

সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে মানবিক উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ইয়াং স্টার ক্লাব। সংগঠনটির উদ্যোগে গোয়াবাড়ি পাঠানটুলায় অবস্থিত লাইট-আরবান স্লাম স্কুলে একটি স্যানিটারি ল্যাট্রিন নির্মাণের জন্য অনুদান প্রদান করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থীর মাঝে উন্নত মানের স্কুল ড্রেস বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে নানা সীমাবদ্ধতার মধ্যেও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে লাইট-আরবান স্লাম স্কুল। অনেক শিক্ষার্থী আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও স্কুল ড্রেস সংগ্রহ করতে পারে না। এমন বাস্তবতায় ইয়াং স্টার ক্লাবের এই উদ্যোগ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

জানা গেছে, শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা উন্নত মানের স্কুল ড্রেসগুলোর সহযোগিতা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক ভাই ও বোন। তাদের এই মানবিক সহায়তায় নতুন পোশাক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিশুরা। অনেকের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।

এ উদ্যোগের জন্য ইয়াং স্টার ক্লাব এবং প্রবাসী দাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন স্কুল পরিচালনা পর্ষদ ও শিক্ষকবৃন্দ। তারা বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ এভাবে এগিয়ে এলে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার পথ আরও সহজ হবে এবং তাদের স্বপ্ন পূরণের সুযোগ সৃষ্টি হবে।

অনুদান ও উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে ইয়াং স্টার ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক রাসেল আহমেদ, অর্থ সম্পাদক ফুজায়েল আহমদ, নির্বাহী সম্পাদক কামরুল ইসলাম, এবং  শাহ্ তৌহিদ আহমদ প্রয়াস ।

এ সময় ক্লাবের নেতৃবৃন্দ বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তাদের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারা বিশ্বাস করেন, প্রতিটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও মর্যাদাপূর্ণ জীবনের অধিকার নিশ্চিত করতে সামাজিক সংগঠন ও সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ভবিষ্যতেও ইয়াং স্টার ক্লাব শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

ছোট ছোট মানবিক উদ্যোগই সমাজে বড় পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। আর সুবিধাবঞ্চিত শিশুদের মুখের একটুখানি হাসিই হতে পারে এমন সব উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.