হাম আতঙ্কে মৌলভীবাজার, দুই মাসে ৯ শিশুর মৃত্যু
মৌলভীবাজারে গত দুই মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সময়ে জেলায় ১৮ জনের শরীরে হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। তবে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচির ৯৯ শতাংশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
মৌলভীবাজারের সিভিল সার্জন মো. মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এখন পর্যন্ত ৫০০ জনের বেশি মানুষের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ১৬ জনের হাম এবং দুজনের রুবেলা শনাক্ত হয়েছে।
গত এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল। মারা যাওয়া শিশুদের মধ্যে দুজন সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেও তাদের বাড়ি মৌলভীবাজারে।
জেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ২ লাখ ৪ হাজার ৯২৮ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে প্রায় ৯৯ শতাংশ শিশুকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে।
এ ছাড়া জেলা সদর হাসপাতালে ২০ শয্যার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১০ শয্যার আইসোলেশন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে।
সিভিল সার্জন মো. মামুনুর রহমান বলেন, হামের টিকা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ কাজ করছে এবং টিকাদান কর্মসূচির প্রায় পুরো লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। তবে টিকা কার্যকর হতে অন্তত এক মাস সময় লাগে। তিনি আরও জানান, ডেঙ্গু ও হাম-রুবেলা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হচ্ছে। বিশেষ করে যাদের মধ্যে হামের উপসর্গ রয়েছে, তাদের মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.