চেয়ার নিয়ে দ্বন্দ্বে হবিগঞ্জে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ০৯ জুন, ২০২৬ ১৪:৩৬ (বুধবার)
চেয়ার নিয়ে দ্বন্দ্বে হবিগঞ্জে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

 

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় চেয়ারম্যানের চেয়ারে বসা নিয়ে বর্তমান চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের কালাইনজুরা গ্রামে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যানের চেয়ারে বসা নিয়ে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দিন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান কপিল উদ্দিনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধই শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়।

জানা গেছে, ফরিদ উদ্দিন সম্প্রতি একটি বৈষম্যবিরোধী মামলায় কারাগারে ছিলেন। ওই সময় ৫ নম্বর ওয়ার্ডের সদস্য কপিল উদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে জামিনে মুক্ত হয়ে ফরিদ উদ্দিন পুনরায় দায়িত্ব গ্রহণে পরিষদে গেলে চেয়ার দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

সোমবার সকালে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা এবং পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে স্থানীয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেনেড ও তিন রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়।

এ ঘটনায় বানিয়াচং থানার ওসিসহ অন্তত চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক বলেন, “চেয়ার নিয়ে দুই পক্ষের বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

তবে এ ঘটনায় দুই পক্ষের কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.