গডফাদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে এসএমপি কমিশনার

প্রকাশিত: ০৯ জুন, ২০২৬ ১৩:১৯ (বুধবার)
গডফাদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে এসএমপি কমিশনার

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, সাম্প্রতিক কয়েকটি আলোচিত অপরাধের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধ দমনে বিশেষ অভিযান ও চিরুনি তল্লাশি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সোমবার বিকেল সাড়ে ৫টায় এসএমপি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পুলিশ কমিশনার জানান, শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএনএ রিপোর্ট পাওয়ার পরই মামলার চার্জশিট দাখিল করা হবে। এছাড়া কনস্টেবল ইমন আচার্য হত্যা মামলায় ইতোমধ্যে চার্জশিট জমা দেওয়া হয়েছে। বন্ধুর ছুরিকাঘাতে নিহত জুয়েল হত্যা মামলার তদন্তও প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং মঙ্গলবার চার্জশিট দাখিল করা হবে।

অপরাধ নিয়ন্ত্রণে এসএমপির বিশেষ অভিযান জোরদারের কথা উল্লেখ করে তিনি বলেন, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মাত্র চার ঘণ্টার চিরুনি অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ১৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কোতোয়ালি থেকে ৩০ জন, জালালাবাদ থেকে ২৫ জন, এয়ারপোর্ট থেকে ২০ জন, দক্ষিণ সুরমা থেকে ২৭ জন, মোগলাবাজার থেকে ৬ জন এবং শাহপরান থানা এলাকা থেকে ৩১ জনকে আটক করা হয়। একই সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত ৩২ ঘণ্টায় মোট ২৪৪ জনকে আটক করা হয়েছে। আর মে মাসজুড়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৬৬৫ জন।

মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, মাদকই অধিকাংশ অপরাধের মূল উৎস। তাই মাদক নির্মূলে সর্বাত্মক অভিযান চলছে এবং মাদকের গডফাদারদের চিহ্নিত করা হচ্ছে। কোনো অপরাধী বা তাদের পৃষ্ঠপোষকদের ছাড় দেওয়া হবে না। চোরাকারবারি, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন এবং অপরাধ সংক্রান্ত তথ্যদাতাদের পরিচয় গোপন রাখার আশ্বাস দেন।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.