২০২৭ সালের হজ প্রস্তুতি শুরু, নিবন্ধনের শেষ সময় ২৬ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬ ১৬:৪৬ (মঙ্গলবার)
২০২৭ সালের হজ প্রস্তুতি শুরু, নিবন্ধনের শেষ সময় ২৬ সেপ্টেম্বর

২০২৭ সালে পবিত্র হজ পালনে আগ্রহী বাংলাদেশিদের চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। একই সঙ্গে আগামী বছরের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু হবে।

সোমবার (৮ জুন) ২০২৭ সালের হজ কার্যক্রমের রোডম্যাপ প্রকাশ করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। পরে বিভিন্ন দেশের ধর্মবিষয়ক মন্ত্রীদের কাছে এ রোডম্যাপ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের কাছে রোডম্যাপটি তুলে দেন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম শেষ করতে হবে। আগামী ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হবে।

এরপর ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা প্রদান শুরু হবে। একই বছরের ৮ এপ্রিল থেকে হজযাত্রী পরিবহনের জন্য ফ্লাইট পরিচালনা শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সৌদি আরবে হজ-সংক্রান্ত ব্যয়ের অর্থ নুসুক মাসার প্ল্যাটফর্মের ই-ওয়ালেটে স্থানান্তরের কার্যক্রম চলবে চলতি বছরের ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

এ ছাড়া তাঁবু, সার্ভিস প্যাকেজ, মক্কা ও মদিনার আবাসন, ক্যাটারিং এবং পরিবহনসেবাসহ বিভিন্ন সেবার জন্য নুসুক মাসার প্ল্যাটফর্মের মাধ্যমে চুক্তি স্বাক্ষর কার্যক্রম শুরু হবে আগামী ২৯ জুলাই। এ প্রক্রিয়া চলবে ২০২৭ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত।

হজযাত্রীদের তথ্য নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে আগামী ১৪ আগস্ট থেকে ২০২৭ সালের ২৮ জানুয়ারির মধ্যে। একই সঙ্গে হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইনসগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষর এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পন্ন করতে হবে চলতি বছরের ২৯ জুলাই থেকে ৮ নভেম্বরের মধ্যে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.