এসএসসির ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন আয়োজন নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ফল প্রকাশের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের এসএসসির ফল ২০ জুলাই প্রকাশ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”
সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে জাতীয় শিক্ষাক্রম (কারিকুলাম) পরিমার্জনের কাজ চলমান রয়েছে। আগামী বছর শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করা হবে এবং ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়ন শুরু হবে।
এ সময় শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয় পর্যালোচনা করে একটি শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনার কথাও জানান।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.