হবিগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬ ১১:১৩ (মঙ্গলবার)
হবিগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু

হবিগঞ্জের পৃথক তিনটি স্থানে বজ্রপাতে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। রোববার বিকেলে জেলার শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও বানিয়াচং উপজেলায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার কাজীরগাঁও গ্রামের আলতাফ আলীর স্ত্রী রাহেলা বেগম (৪৫), বাহুবল উপজেলার মিরপুর চকফাজিল গ্রামের সুরেশ দেবনাথের ছেলে রিংকু দেবনাথ (৩০) এবং বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামের জয়দর আলীর ছেলে সুজন মিয়া (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার আসরের সময় শায়েস্তাগঞ্জের কাজীরগাঁও গ্রামে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান রাহেলা বেগম।

এদিকে, বোনের বাড়িতে বেড়াতে এসে চুনারুঘাটে বজ্রপাতে নিহত হন রিংকু দেবনাথ। বিকেলে ভাগনে পিযুষ দেবনাথকে সঙ্গে নিয়ে একটি বাড়ির ছাদে পানির ট্যাংকি পরিষ্কার করছিলেন তিনি। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত হয়। এতে দুজনই ছাদ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাঁদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিংকুকে মৃত ঘোষণা করেন। আহত পিযুষ চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, একই সময়ে বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামে বজ্রপাতে চার যুবক আহত হন। পরে তাঁদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুজন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত সিয়াম মিয়া (১৭), হাফিজ উদ্দিন (২২) ও পারভেজ মিয়া (২৫) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক, শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম এবং বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক পৃথক তিনটি ঘটনায় বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.