শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবকের মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ট্রেনের ছাদে ভ্রমণের সময় পড়ে গিয়ে দুই দিনের ব্যবধানে দুই যুবকের মৃত্যু হয়েছে। পৃথক দুটি ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
রোববার (৭ জুন) দুপুরে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবক (প্রায় ৩৫) নিহত হন। একই ঘটনায় আহত হন সামছু মিয়া (৩০)। তাদের বাড়ি রংপুর জেলায় বলে জানা গেছে।
ঘটনাটি উপজেলার উত্তরসুর এলাকায় দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের সামনে ঘটে। খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
এদিকে, একই স্থানে আগের দিন শনিবার বিকেলে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন এনামুল মিয়া ফাহিম (২৫) ও মো. সিয়াম (১৮)। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে এনামুল মিয়া ফাহিমের অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এনামুল ও সিয়ামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
পরপর দুই দিনে একই স্থানে ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণহানির ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী যাত্রীদের ঝুঁকিপূর্ণভাবে ট্রেনের ছাদে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.