শিক্ষামন্ত্রীর অপসারণ চেয়ে আলটিমেটাম, আন্দোলনের হুঁশিয়ারি
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশ করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বিভিন্ন প্রবেশিকা ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে আয়োজিত এ কর্মসূচি থেকে সরকারকে সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
শনিবার (৬ জুন) অনুষ্ঠিত সমাবেশে শত শত শিক্ষার্থী, তরুণ চাকরিপ্রার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। আন্দোলনের আহ্বান জানান সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যন্তর মন্তর ও আশপাশের এলাকায় এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
সমাবেশে অংশ নেওয়া অনেক আন্দোলনকারীর মুখে ছিল তেলাপোকার প্রতীকী মাস্ক। পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির সঙ্গে শিক্ষা খাতে জবাবদিহি নিশ্চিত করার আহ্বানও জানানো হয়। আন্দোলনকারীদের হাতে জাতীয় পতাকা, সংবিধানের কপি এবং ফুল দেখা যায়।
সমাবেশে সংহতি প্রকাশ করেন সোনম ওয়াংচুক, দীপঙ্কর ভট্টাচার্য এবং অ্যানি রাজা-সহ বিভিন্ন বামপন্থী রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতারা। তারা তরুণদের শান্তিপূর্ণ ও সৃজনশীল প্রতিবাদের প্রশংসা করেন।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অভিজিৎ দিপক অভিযোগ করেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হলেও সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, ভয়ভীতি উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যাবেন তারা।
বিকেল সাড়ে ৩টার দিকে অসুস্থতা অনুভব করায় অভিজিৎ দিপক সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন। পরে আয়োজিত সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, “সরকারকে আমরা সাত দিন সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।”
তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় সংস্কারের সময় এসেছে এবং সেই দাবিতেই তরুণদের এই আন্দোলন।
উল্লেখ্য, নিট (এনইইটি), সিবিএসই, সিইউইটি ও এসএসসি-সহ বিভিন্ন পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের প্রতিবাদে তরুণদের উদ্যোগে গড়ে ওঠে ‘ককরোচ জনতা পার্টি’। অনলাইনভিত্তিক এ আন্দোলন বর্তমানে মাঠপর্যায়ে সংগঠিত কর্মসূচি পালন করছে।
এদিকে, সমাবেশ চলাকালে সম্ভাব্য উত্তেজনা এড়াতে ছয়জনকে প্রতিরোধমূলক হেফাজতে নেয় দিল্লি পুলিশ। তবে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পুলিশ প্রশাসন।
আইটি ল্যাব সলিউশন্স লি.