সীমান্ত হত্যা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের
সীমান্ত হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যকে ‘আপত্তিকর ও অপমানজনক’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (৬ জুন) দিবাগত রাতে ‘এনসিপি মিডিয়া কানেক্ট’ হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো এক বার্তায় তিনি এ দাবি জানান।
নাহিদ ইসলাম বলেন, সীমান্তে ভারতীয় বাহিনীর হাতে বাংলাদেশিদের নিহত হওয়ার ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে প্রত্যাশিত নয়। তিনি দাবি করেন, এ ধরনের মন্তব্য জাতির জন্য বিব্রতকর এবং তা সীমান্তে নিহতদের পরিবারের অনুভূতিকেও আঘাত করে।
তিনি আরও বলেন, বক্তব্য দেওয়ার কয়েকদিন পার হলেও স্বরাষ্ট্রমন্ত্রী তা প্রত্যাহার বা সংশোধন করেননি। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো ব্যাখ্যা বা নিন্দা জানানো হয়নি। ফলে এটি সীমান্ত হত্যা প্রসঙ্গে সরকারের অবস্থান কি না—সে প্রশ্ন জনমনে তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এক বক্তব্যে বলেন, কোনো ব্যক্তি অন্য দেশের অভ্যন্তরে প্রবেশ করে আইন ভঙ্গ করলে সেই দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে এবং এ ধরনের ঘটনাকে সবসময় ‘সীমান্ত হত্যা’ হিসেবে অভিহিত করা সঠিক নয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী প্রত্যেক মানুষের জীবনের অধিকার সুরক্ষিত। কোনো অপরাধ, চোরাচালান বা অবৈধ অনুপ্রবেশের অভিযোগ থাকলেও প্রাণঘাতী শক্তি প্রয়োগের সুযোগ সীমিত এবং তা নির্দিষ্ট আন্তর্জাতিক নীতিমালার আওতায় পরিচালিত হতে হয়।
তিনি দাবি করেন, সীমান্তে প্রাণহানির ঘটনাগুলোকে হালকাভাবে দেখার সুযোগ নেই এবং এ বিষয়ে সরকারের অবস্থান আরও স্পষ্ট হওয়া প্রয়োজন।
নাহিদ ইসলাম আরও বলেন, অতীতেও সীমান্ত হত্যা নিয়ে বিভিন্ন সরকারের কিছু বক্তব্য বিতর্কের জন্ম দিয়েছিল। জুলাই-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় এমন অবস্থান জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।
সবশেষে তিনি অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
আইটি ল্যাব সলিউশন্স লি.