জাফলং সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে বিজিবি ও স্থানীয়রা

প্রকাশিত: ০৭ জুন, ২০২৬ ১৮:০২ (সোমবার)
জাফলং সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে বিজিবি ও স্থানীয়রা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইনসহ বিভিন্ন সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে যৌথ টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার দিবাগত গভীর রাতে ৪৮ বিজিবির সংগ্রাম ক্যাম্পের আওতাধীন সীমান্ত এলাকায় সরেজমিনে দেখা যায়, বিজিবির সদস্যদের পাশাপাশি স্থানীয় যুবক ও প্রবীণ স্বেচ্ছাসেবকেরাও টহল কার্যক্রমে অংশ নিচ্ছেন। টর্চলাইট ও লাঠি হাতে তারা সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি চালান এবং সন্দেহজনক গতিবিধির ওপর সতর্ক দৃষ্টি রাখেন।

স্থানীয়দের ভাষ্য, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত হলে পুরো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো থাকে। এ কারণেই তারা স্বেচ্ছায় বিজিবির সঙ্গে এই কার্যক্রমে যুক্ত হয়েছেন। তাদের দাবি, যৌথ টহল শুরু হওয়ার পর সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড কমেছে এবং বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাবোধ বেড়েছে।

সংগ্রাম ক্যাম্পের বিওপি কমান্ডার শহিদুল আলম বলেন, সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসাধারণের সক্রিয় অংশগ্রহণের ফলে নজরদারি আরও কার্যকর হচ্ছে এবং অবৈধ সীমান্ত পারাপারসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে।

তিনি জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্ত এলাকায় জনসম্পৃক্ততা বাড়িয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের যৌথ টহল কার্যক্রম চালিয়ে যাওয়া হবে। বিজিবির বিশ্বাস, স্থানীয় জনগণের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণ সীমান্ত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.