সিলেটে এক মাসে সড়কে ঝরল ৫১ প্রাণ, শীর্ষে মোটরসাইকেল দুর্ঘটনা

প্রকাশিত: ০৭ জুন, ২০২৬ ১৩:৩৪ (সোমবার)
সিলেটে এক মাসে সড়কে ঝরল ৫১ প্রাণ, শীর্ষে মোটরসাইকেল দুর্ঘটনা

চলতি বছরের মে মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৫১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৪২টি দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৫ জন। নিহতদের মধ্যে ২০ জনই মোটরসাইকেলচালক ও আরোহী, যা মোট প্রাণহানির একটি বড় অংশ।

শনিবার (৭ জুন) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মে মাসে সিলেট বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে সিলেট জেলায়। সেখানে ১৭টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২১ জন এবং আহত হয়েছেন ৪০ জন। সুনামগঞ্জে ১৩টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। হবিগঞ্জে ৭টি দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৩ জন আহত এবং মৌলভীবাজারে ৫টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

নিহত ৫১ জনের মধ্যে ৩৯ জন পুরুষ, ৬ জন নারী এবং ৬ জন শিশু। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, ১৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২০ জন চালক ও আরোহী। এছাড়া ৬টি দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা ও টমটমের ১১ জন চালক-আরোহী নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মধ্যে ১৮ জন ছিলেন বিভিন্ন যানবাহনের চালক এবং ৯ জন পথচারী। ঈদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত ৯টি পৃথক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮ জন।

দুর্ঘটনার কারণ হিসেবে চালকদের বেপরোয়া মনোভাব, একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে গাড়ি চালানো, নিয়ম না মেনে ওভারটেকিং, মোটরসাইকেল আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়ক অবকাঠামোর বিভিন্ন ত্রুটিকে দায়ী করেছে নিসচা।

দুর্ঘটনার প্রকৃতি বিশ্লেষণে দেখা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন উল্টে যাওয়ার ৭টি ঘটনায় ৭ জন, মুখোমুখি সংঘর্ষের ১৪টি ঘটনায় ১০ জন এবং গাছ বা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ৩টি ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।

নিসচা সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু জানান, পাঁচটি স্থানীয় দৈনিক, বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম, দুটি জাতীয় দৈনিক এবং সংগঠনের শাখাগুলোর তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এতে কিছু অনুমেয় ও অপ্রকাশিত ঘটনার তথ্যও সংযোজন করা হয়েছে।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছিলেন। সে তুলনায় মে মাসে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.