টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের ছড়াছড়ি, পরিবেশ নিয়ে উদ্বেগ

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬ ১৫:৩৩ (সোমবার)
টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের ছড়াছড়ি, পরিবেশ নিয়ে উদ্বেগ

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর সিলেট বিভাগীয় নেটওয়ার্কের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে নগরীর একটি হোটেলে আয়োজিত এ সভায় পরিবেশ সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং চলমান বিভিন্ন পরিবেশগত ইস্যু নিয়ে আলোচনা করা হয়।

হোটেল মিরা গার্ডেনের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলার প্রধান অ্যাডভোকেসি সমন্বয়ক তাসলিমা ইসলাম। এতে সিলেট বিভাগের চার জেলার বেলা নেটওয়ার্কের সদস্যরা অংশ নেন।

সভায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অপরিকল্পিতভাবে হাউজবোট চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, নিয়ন্ত্রণহীন হাউজবোট চলাচল হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে উঠতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বেলার সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ সাহেদা আখতার সংগঠনের বিগত সময়ের কার্যক্রম পর্যালোচনা এবং জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

আলোচনায় সিলেট অঞ্চলে পাথর উত্তোলন বন্ধে কার্যক্রম জোরদার, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো, পরিবেশগত সমস্যা নিয়ে জনসচেতনতা বৃদ্ধি, তথ্য অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ এবং পরিবেশ সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া চলমান মামলাগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ ও ফলোআপ কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সিলেট বিভাগীয় শাখার প্রধান অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার, অ্যাডভোকেট মো. ইরফানউজ্জামান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, পরিবেশকর্মী ও নাট্যসংগঠক জালাল উদ্দিন রুমি, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি এবং অ্যাডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.