সাদাপাথর ভ্রমণে পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬ ১৩:১৩ (সোমবার)
সাদাপাথর ভ্রমণে পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা

সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলাগঞ্জ ১০ নম্বর নৌকাঘাট ব্যবহার করার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে কালাইরাগ হয়ে বাংলাদেশ-ভারত সীমান্তঘেঁষা সড়কপথে সাদাপাথরে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার (৪ জুন) কালাইরাগ এলাকায় সাইনবোর্ড টানিয়ে পর্যটকদের নির্ধারিত নৌপথ ব্যবহার করার আহ্বান জানানো হয়।

সাইনবোর্ডে বলা হয়েছে, সাদাপাথর পর্যটন স্পটে যাতায়াতের জন্য ভোলাগঞ্জ ১০ নম্বর নৌকাঘাট ব্যবহার করতে হবে। কালাইরাগ হয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের মধ্য দিয়ে পর্যটকদের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন সাদাপাথর নৌকাঘাটের ইজারাদাররা। তারা জানান, ১৪৩৩ বাংলা সনের ইজারা শর্ত অনুযায়ী সাদাপাথর ঘাট সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে এবং এ বিষয়ে উপজেলা প্রশাসনও অবগত রয়েছে।

ইজারাদারদের ভাষ্য, সম্প্রতি অনেক পর্যটক কালাইরাগ হয়ে সীমান্তঘেঁষা ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করে সাদাপাথরে প্রবেশ করছেন। এতে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের কারণে প্রাণহানির ঝুঁকির পাশাপাশি মানবপাচার চক্রের খপ্পরে পড়ার আশঙ্কাও রয়েছে। এসব ঝুঁকি বিবেচনায় নিয়ে কালাইরাগের ওই পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

সাদাপাথর নৌকাঘাটের ইজারাদার মো. লিলু অভিযোগ করেন, একটি কুচক্রী মহল নৌকাঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করতে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

তিনি পর্যটকদের উদ্দেশে বলেন, জীবনের নিরাপত্তার স্বার্থে কোনো বিকল্প বা সীমান্তঘেঁষা ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার না করে ভোলাগঞ্জ ১০ নম্বর নৌকাঘাট হয়ে সাদাপাথর পর্যটন স্পটে যাতায়াত করার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.