শাকিব-বুবলীর সংসারে নতুন অতিথি, জন্ম নিল কন্যা সন্তান

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬ ১০:৩৩ (সোমবার)
শাকিব-বুবলীর সংসারে নতুন অতিথি, জন্ম নিল কন্যা সন্তান

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সুখবর দিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। মেগাস্টার শাকিব খান ও বুবলীর পরিবারে এসেছে নতুন অতিথি। কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন এই আলোচিত তারকা জুটি।

শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ পোস্টের মাধ্যমে সুখবরটি জানান বুবলী। পোস্টে শাকিব খানের সঙ্গে একটি বিশেষ শুভেচ্ছা কার্ডও প্রকাশ করা হয়। সেখান থেকে জানা যায়, গত ১১ মে জন্ম নিয়েছে তাদের কন্যাসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে শারলিন খান।

প্রকাশিত শুভেচ্ছা কার্ডে আনন্দিত বাবা-মা হিসেবে উল্লেখ করা হয় শাকিব খান ও শবনম বুবলীর নাম। খবরটি প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগী এবং সহকর্মীদের শুভেচ্ছায় ভরে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম।

নিজের পোস্টে বুবলী লেখেন, “আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে। যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবাই দোয়া করবেন।”

এই ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা নানা গুঞ্জনেরও ইতি ঘটেছে। ব্যক্তিজীবন নিয়ে বহুবার আলোচনায় এলেও কন্যাসন্তানের বিষয়টি এতদিন আড়ালেই রেখেছিলেন তারা।

উল্লেখ্য, শাকিব খান ও বুবলীর সংসারে আগে থেকেই রয়েছে এক পুত্রসন্তান, শেখ বীর। এবার কন্যা শারলিন খানের আগমনে তাদের পরিবারে যোগ হলো নতুন আনন্দ। প্রিয় তারকাদের এই সুখবরকে স্বাগত জানিয়ে ভক্তরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.