‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬ ১৮:৩৯ (শুক্রবার)
‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এক আইনজীবীর অভিযোগ, সংবিধানিক প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় সরকারকে নিয়ে তাঁর সাম্প্রতিক কিছু মন্তব্য দেশের সার্বভৌমত্ব, জনশৃঙ্খলা ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য ক্ষতিকর।

বুধবার (৩ জুন) পশ্চিমবঙ্গের শিলিগুড়ি সাইবার থানায় অভিযোগটি দায়ের করেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায় সিংহ।

অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন জনসভা, রাজনৈতিক কর্মসূচি ও গণমাধ্যমে দেওয়া বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন, নিরাপত্তা বাহিনীসহ বিভিন্ন সংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এর মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা নষ্ট করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগকারীর দাবি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি কলকাতার রানি রাসমণি সরণিতে তৃণমূল কংগ্রেসের এক কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু মন্তব্য করেছেন, যেখানে তিনি বাংলাদেশে একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

রিঙ্কি চট্টোপাধ্যায় সিংহের দাবি, এসব বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। একই সঙ্গে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কাও রয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, এ ধরনের মন্তব্য জনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ও অসহিষ্ণুতা বাড়িয়ে তুলতে পারে।

তবে এ অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি তৃণমূল কংগ্রেস।

এর আগে গত ২০ মে একই আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরেকটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে বলা হয়েছিল, ২০২৫ ও ২০২৬ সালে বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া তাঁর কিছু বক্তব্য হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.