আবহাওয়ার সুখবর: সামনে ভারী বৃষ্টি, কমবে তাপদাহ
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথাও বলা হয়েছে। এতে চলমান তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে।
বৃহস্পতিবার (৪ জুন) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদদের মতে, বৃহস্পতিবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।
এদিকে চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়াসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
শুক্রবার (৫ জুন) দেশের উত্তর, মধ্য ও পূর্বাঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং খুলনা ও বরিশালের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এদিন তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার (৬ জুন) দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এদিনও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
রোববার (৭ জুন) এবং সোমবার (৮ জুন) বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী ও খুলনার কিছু অংশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে।
তবে এই দুই দিনে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সার্বিকভাবে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার পাশাপাশি তাপপ্রবাহের প্রভাবও ধীরে ধীরে কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.