আদ্-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: চিকিৎসক-নার্স ও কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষ, দায়িত্বরত চিকিৎসক এবং নার্সদের অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
বৃহস্পতিবার সচিবালয়ে তদন্ত প্রতিবেদন গ্রহণের পর এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ঘটনাটিতে চিকিৎসক, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা স্পষ্ট হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বদ্ধ কক্ষে পর্যাপ্ত অক্সিজেনের অভাব বা ভেন্টিলেশন সংকটের কারণে শিশুদের মৃত্যু হয়ে থাকতে পারে। তদন্ত প্রতিবেদনের আলোকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
গত ২৭ মে, ঈদুল আজহার আগের দিন ভোরে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে থাকা ছয় শিশু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে একে একে তাদের মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক উদ্বেগ, শোক ও ক্ষোভের জন্ম দেয়।
ঘটনার পরদিন স্বাস্থ্য মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে শিশুদের মৃত্যুর কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এর আগে গত ৩০ মে হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, তদন্তের স্বার্থে মৃত শিশুদের পরিবারের সদস্য, বিশেষ করে মায়েদের বক্তব্য সংগ্রহ করা জরুরি। এ কারণে তদন্ত কমিটি অতিরিক্ত সময় চেয়েছিল।
প্রথমে ৩ জুনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হলেও পরে আরও একদিন সময় বাড়ানো হয়। অবশেষে বৃহস্পতিবার চূড়ান্ত প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, আদ্-দ্বীন হাসপাতাল পরিচালিত হয় অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান ‘আদ্-দ্বীন ফাউন্ডেশন’-এর অধীনে। ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সেখ মহিউদ্দিন, যিনি আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম সেখ আকিজ উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র।
আইটি ল্যাব সলিউশন্স লি.