ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামে বাংলাদেশি সঞ্জয়, থাকছেন উদ্বোধনী আয়োজনে
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল অ্যালবামে জায়গা পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের উদ্বোধনী আয়োজনেও পারফর্ম করবেন তিনি।
বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামে সঞ্জয়ের নাম উঠে এসেছে বিশ্বসংগীতের কয়েকজন কিংবদন্তি তারকার সঙ্গে। অ্যালবামটিতে রয়েছে রক ব্যান্ড দ্য রোলিং স্টোনস, পপ তারকা শাকিরা, রেগেটন কিংবদন্তি ড্যাডি ইয়াঙ্কি এবং আফ্রোবিটস তারকা বার্না বয় ও রেমার গান।
নিজের ফেসবুক পোস্টে এই সুখবর জানান সঞ্জয়। তিনি বলেন, দীর্ঘদিনের স্বপ্ন ও পরিশ্রমের ফল হিসেবে এই অর্জন এসেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে বেড়ে ওঠা তাঁর সংগীতযাত্রাকে সমৃদ্ধ করেছে এবং ছোটবেলা থেকেই বৈশ্বিক মঞ্চে কাজ করার স্বপ্ন দেখতেন।
সঞ্জয়ের ভাষায়, ফিফা বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজনের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করা এবং একই সঙ্গে অফিশিয়াল সাউন্ডট্র্যাকের অংশ হওয়া তাঁর জন্য গর্বের ও স্মরণীয় একটি অর্জন।
তিনি জানান, বিশ্বকাপের অফিশিয়াল সাউন্ডট্র্যাকে যুক্ত হওয়া তাঁর গানটির নাম ‘সির সির’। এ গানে তাঁর সঙ্গে কাজ করেছেন আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় শিল্পী নোরা ফাতেহি ও ভেজড্রিম।
এর আগে এক সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, যেসব শিল্পীর গান শুনে তিনি বড় হয়েছেন, আজ তাদের সঙ্গে একই বৈশ্বিক আয়োজনে যুক্ত হওয়া তাঁর কাছে অবিশ্বাস্য মনে হয়। তিনি মনে করেন, এই অর্জন প্রমাণ করে সংগীতের কোনো ভৌগোলিক সীমারেখা নেই।
যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬। আয়োজক তিন দেশেই পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। উদ্বোধনী ম্যাচগুলোর আগে পারফর্ম করার জন্য ইতোমধ্যে বিভিন্ন দেশের শিল্পীদের চূড়ান্ত করেছে ফিফা। সেই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের সঞ্জয়ও। তিনি মঞ্চ ভাগ করবেন মার্কিন পপ তারকা কেটি পেরি এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গার্ল ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক-এর সদস্য লিসার মতো আন্তর্জাতিক তারকাদের সঙ্গে।
বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে জন্ম হলেও সঞ্জয়ের শৈশব কেটেছে চট্টগ্রামের লাভ লেন এলাকায়। পরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সঞ্জয় জানান, পরিবারের সংগীতচর্চার পরিবেশও তাঁর শিল্পী হয়ে ওঠার পেছনে বড় ভূমিকা রেখেছে। তাঁর মা গান করতেন, আর নানিও সংগীতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.