ইরান যুদ্ধ নিয়ে নিজ দলের চাপে ট্রাম্প

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬ ১৫:১০ (শুক্রবার)
ইরান যুদ্ধ নিয়ে নিজ দলের চাপে ট্রাম্প

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেনটেটিভস) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব পাস হয়েছে। বুধবার রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ ২১৫-২০৮ ভোটে যুদ্ধক্ষমতা-সংক্রান্ত (ওয়ার পাওয়ারস) একটি প্রস্তাব অনুমোদন করে, যার লক্ষ্য প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়া থেকে বিরত রাখা।

প্রস্তাবটির পক্ষে ডেমোক্র্যাট সদস্যদের পাশাপাশি চারজন রিপাবলিকান প্রতিনিধি ভোট দেন। তারা হলেন মিশিগানের টম ব্যারেট, ওহাইওর ওয়ারেন ডেভিডসন, পেনসিলভানিয়ার ব্রায়ান ফিটজপ্যাট্রিক এবং কেনটাকির থমাস ম্যাসি।

প্রস্তাবে বলা হয়েছে, কংগ্রেস আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন না দিলে প্রেসিডেন্টকে ইরান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে।

যদিও প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি পাস হয়েছে, তবে এটি এখনো আইনে পরিণত হয়নি। কার্যকর হতে হলে সিনেটেও এটি অনুমোদিত হতে হবে। পাশাপাশি প্রেসিডেন্টের যুদ্ধক্ষমতা সীমিত করতে এমন প্রস্তাব সাংবিধানিকভাবে কতটা বৈধ, তা নিয়েও বিতর্ক রয়েছে।

তবুও এই ভোটকে ট্রাম্পের যুদ্ধ পরিচালনার কৌশল নিয়ে রিপাবলিকান পার্টির ভেতরে বাড়তে থাকা অস্বস্তির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। প্রায় তিন মাস ধরে চলমান সংঘাত চতুর্থ মাসে প্রবেশ করায় প্রেসিডেন্টের সামরিক ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ আরোপের লক্ষ্যে এটি একটি বিরল দ্বিদলীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে একই ধরনের কয়েকটি প্রস্তাব অল্প ব্যবধানে ব্যর্থ হয়েছিল। গত মাসে প্রতিনিধি পরিষদে এ প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা দেখা দিলে রিপাবলিকান নেতৃত্ব ভোটগ্রহণ স্থগিত করেছিল। অন্যদিকে সিনেটেও একই ধরনের একটি প্রস্তাব প্রক্রিয়াগত ভোটে অগ্রসর হলেও চূড়ান্ত ভোটের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

উল্লেখ্য, প্রস্তাবটির বিপক্ষে কোনো ডেমোক্র্যাট সদস্য ভোট দেননি। তবে সাতজন প্রতিনিধি ভোটদানে অংশ নেননি।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.