সিলেট ডায়াবেটিক হাসপাতাল এই অঞ্চলের সাধারণ ও মধ্যবিত্ত মানুষের ডায়াবেটিস চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল - আরিফুল হক চৌধুরী

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬ ১৪:১৭ (শুক্রবার)
সিলেট ডায়াবেটিক হাসপাতাল এই অঞ্চলের সাধারণ ও মধ্যবিত্ত মানুষের ডায়াবেটিস চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল - আরিফুল হক চৌধুরী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট ডায়াবেটিক হাসপাতাল এই অঞ্চলের সাধারণ ও মধ্যবিত্ত মানুষের ডায়াবেটিস চিকিৎসার অন্যতম নির্ভরতার জায়গা। প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স ও স্থানীয় মানুষের সহযোগিতায় হাসপাতালটির স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সরকার বদ্ধপরিকর।

বুধবার (৩ জুন) বিকেলে সিলেট ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতের আধুনিকায়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। সিলেট ডায়াবেটিক হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন ও সেবার পরিধি বাড়াতে বিভিন্ন টেকসই পরিকল্পনা নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, “কোনো মানুষ যেন অর্থের অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্য নিয়েই কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, হাসপাতালের ভবন বা সরঞ্জামের উন্নয়নের পাশাপাশি রোগীদের প্রতি আন্তরিক আচরণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসা নিতে আসা মানুষ যেন চিকিৎসার পাশাপাশি মানবিক ও সহানুভূতিশীল সেবাও পান, সে বিষয়ে চিকিৎসক ও হাসপাতাল সংশ্লিষ্টদের আরও যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।

সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাবের সভাপতিত্বে এবং ডা. আব্দুল মোক্তাদির কোরেশী সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

সভায় হাসপাতালের আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, সেবার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত চিকিৎসক ও নেতৃবৃন্দ হাসপাতালের উন্নয়নে প্রয়োজনীয় সরকারি সহায়তার বিষয়টি মন্ত্রীর নজরে আনেন।

জবাবে আরিফুল হক চৌধুরী হাসপাতালের উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় প্রশাসনিক ও সরকারি সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সভা শেষে সিলেট ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে মন্ত্রীকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ, বিশেষজ্ঞ চিকিৎসক, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.