কেন্দ্রীয় ব্যাংকে দলকানা গভর্নর বসিয়ে ইসলামী ব্যাংক দখলে ব্যস্ত সরকার: শফিকুর রহমান

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬ ১১:০৫ (বৃহস্পতিবার)
কেন্দ্রীয় ব্যাংকে দলকানা গভর্নর বসিয়ে ইসলামী ব্যাংক দখলে ব্যস্ত সরকার: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশের ব্যাংকিং খাত, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং গণভোট ইস্যুতে সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, দেশের অর্থনৈতিক ও জনজীবনের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানের পরিবর্তে সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারে বেশি মনোযোগী।

মঙ্গলবার (২ জুন) বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন ব্যাংকের গ্রাহকরা নিজেদের অর্থ উত্তোলনে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে একীভূত হওয়া কয়েকটি ব্যাংকের গ্রাহকদের দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব সংকট নিরসনের উদ্যোগ না নিয়ে সরকার ইসলামী ব্যাংক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দক্ষ ও গ্রহণযোগ্য নেতৃত্ব নিশ্চিত করা প্রয়োজন ছিল। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হলে তা দেশের আর্থিক খাতের জন্য ক্ষতিকর হতে পারে।

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা নিয়ে সরকারের পদক্ষেপের সমালোচনা করে জামায়াত আমির বলেন, কোনো ব্যাংকের মালিকানা ও পরিচালনা কাঠামো নিয়ে সিদ্ধান্ত গ্রহণে গ্রাহক ও অংশীজনদের স্বার্থকে গুরুত্ব দেওয়া উচিত। অন্যথায় ব্যাংকিং খাতে অস্থিরতা সৃষ্টি হতে পারে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। শিশু ধর্ষণ, হত্যা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে দাবি করে এসব অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

গণভোট ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের মতামত ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মান দেখানো জরুরি। জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এক মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। তাই জনস্বার্থ বিবেচনায় অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।

সরকারের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, জনকল্যাণমূলক পদক্ষেপে বিরোধী দল হিসেবে তারা সহযোগিতা করবে, তবে জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড হলে সংসদের ভেতরে ও বাইরে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ অব্যাহত থাকবে।

সমাবেশে তিনি একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে দেশের সচেতন নাগরিক ও সুধী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.