১৭ বছর বয়সী পেলের বিশ্বজয়ের স্মৃতি এখন নিলামে

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬ ১০:২২ (বৃহস্পতিবার)
১৭ বছর বয়সী পেলের বিশ্বজয়ের স্মৃতি এখন নিলামে

কীর্তিমানদের মৃত্যু নেই—এই কথার সবচেয়ে বড় উদাহরণ ফুটবল কিংবদন্তি পেলে। মৃত্যুর কয়েক বছর পরও তিনি সমানভাবে আলোচনায়, সমানভাবে প্রাসঙ্গিক। এবার তাঁর প্রথম বিশ্বকাপ জয়ের স্মারক ১০ নম্বর জার্সিটি উঠছে নিলামে, যার সম্ভাব্য মূল্য বাংলাদেশি মুদ্রায় ৭০ কোটিরও বেশি টাকা।

নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, আগামী ২৯ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত বিশেষ এক নিলামে তোলা হবে পেলের ১৯৫৮ বিশ্বকাপজয়ী জার্সি। ধারণা করা হচ্ছে, জার্সিটির দাম ৬০ লাখ মার্কিন ডলারেরও বেশি হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ কোটি টাকার সমান।

জানা গেছে, ১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ের পর পেলে তাঁর ব্যবহৃত এই জার্সিটি সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু দিদাকে উপহার দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে দিদার পরিবার জার্সিটি সংরক্ষণ করে রেখেছিল। পরে এটি একটি জাদুঘরে প্রদর্শিত হয় এবং ২০০৪ সালে প্রথমবারের মতো নিলামে তোলা হয়েছিল।

মাত্র ১৭ বছর বয়সে বিশ্ব ফুটবলে ঝড় তোলেন পেলে। ১৯৫৮ বিশ্বকাপে তিনি ৬ গোল ও ১ অ্যাসিস্ট করে ব্রাজিলকে এনে দেন প্রথম বিশ্বকাপ শিরোপা। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেন হ্যাটট্রিক, আর ফাইনালে স্বাগতিক সুইডেনের জালে জড়ান দুটি গোল। তাঁর অসাধারণ নৈপুণ্যেই বিশ্ববাসী প্রথমবারের মতো দেখেছিল এক ভবিষ্যৎ মহাতারকার উত্থান।

ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলে ৭৭ গোল ও ৪১টি অ্যাসিস্ট করেছিলেন পেলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে তাঁর গোলসংখ্যা ১২। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে তিনবার বিশ্বকাপ জিতে তিনি গড়েছিলেন এক অনন্য কীর্তি, যা আজও অক্ষুণ্ন রয়েছে।

এই বিশেষ নিলামে ফুটবল ইতিহাসের আরও অনেক মূল্যবান স্মারক রাখা হবে। এর মধ্যে রয়েছে দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘ঈশ্বরের হাত’ ঘটনার স্মারক এবং লিওনেল মেসির ব্যবহৃত বিভিন্ন সামগ্রী।

২০২২ সালের ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে পৃথিবীকে বিদায় জানান পেলে। কিন্তু কিংবদন্তিরা কখনো হারিয়ে যান না। তাঁদের স্মৃতি, অর্জন ও অনুপ্রেরণা বেঁচে থাকে যুগের পর যুগ। আর সেই অমর স্মৃতিরই এক মূল্যবান অংশ এখন উঠছে নিলামের মঞ্চে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.