আকস্মিক পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, অনুপস্থিত ৬ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশিত: ০২ জুন, ২০২৬ ২১:১৯ (বুধবার)
আকস্মিক পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, অনুপস্থিত ৬ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। পরিদর্শনকালে ছুটি ছাড়াই দায়িত্বস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ছয় চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় বিভিন্ন বিভাগের উপস্থিতি সম্পর্কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুস সালাম খানের কাছে জানতে চান তিনি।

পরিদর্শনের সময় জানা যায়, ২৬ জন চিকিৎসকের মধ্যে ১২ জন দায়িত্ব পালন করছিলেন। পাঁচজন অনুমোদিত ছুটিতে এবং তিনজন সরকারি কাজে বাইরে ছিলেন। তবে ছয়জন চিকিৎসক কোনো ধরনের ছুটি বা অনুমতি ছাড়াই অনুপস্থিত ছিলেন।

অনুপস্থিত চিকিৎসকদের মধ্যে রয়েছেন সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মো. শরীফ উদ্দিন আহম্মদ, সহকারী অধ্যাপক (ইএনটি) ডা. গোলাম সারওয়ার সরকার, জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. কাজী আয়শা সিদ্দিকা এবং মেডিকেল কর্মকর্তা এস কে এম শামীম কাউসার, ডা. সাইফুল ইসলাম ও ডা. শিমুল রানী দাস।

ঘটনার পর তাঁদের আগামী তিন কর্মদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.