মন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছেন কিনা, জানালেন তামিম

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১৩:৪০ (সোমবার)
মন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছেন কিনা, জানালেন তামিম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। আগামী মঙ্গলবারের মধ্যে নতুন সরকারের শপথ হওয়ার কথা রয়েছে। এর মাঝেই গুঞ্জন ওঠে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল খান। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক এই ক্রিকেটার। কেউ কেউ লিখেছেন, ক্রীড়া প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন তামিম ইকবাল। তবে ফেসবুকের এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তামিম নিজেই।

শনিবার মধ্যরাতে তামিম এক স্ট্যাটাসে বলেন, ‘আজ (১৪ ফেব্রুয়ারি) সারাদিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি। যা পুরোপুরি মিথ্যা।’

সরকার গঠন করতে যাওয়া বিএনপি থেকে এ ধরনের কোনো প্রস্তাব পাননি জানিয়ে তামিম আরও বলেন, ‘এমন কোনো প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।’ 

প্রসঙ্গত, ৩৬ বছর বয়সে এবারই প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন তামিম। গত ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম-৯ আসনে ভোট দেওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেছিলেন, ‘জীবনের প্রথম ভোট দিলাম।’

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.