সিলেটে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৩০০ কারাবন্দি

প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৬ ০২:১৮ (বুধবার)
সিলেটে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৩০০ কারাবন্দি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সিলেটের দুই কেন্দ্রীয় কারাগারের প্রায় ৩০০ কারাবন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ভোটাধিকার প্রয়োগে আগ্রহী কারাবন্দিরা ইতোমধ্যে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি কারাগার এলাকার নির্ধারিত ভোটকেন্দ্রে তারা ভোট দেবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এই ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে কারা কর্তৃপক্ষ।

সিলেট কেন্দ্রীয় কারাগার-১ সূত্র জানায়, বর্তমানে বিভিন্ন মামলায় সেখানে প্রায় এক হাজার ৭০০ জন কারাবন্দি রয়েছেন। এর মধ্যে প্রায় ৪০০ জন পোস্টাল ভোটের জন্য আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে ২৫১ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করতে না পারায় অন্যদের নিবন্ধন করা সম্ভব হয়নি।

অন্যদিকে সিলেট কেন্দ্রীয় কারাগার-২-এ বর্তমানে ৮৮৬ জন কারাবন্দি রয়েছেন। তাদের মধ্যে ৪৭ জন পোস্টাল ব্যালেটের জন্য সফলভাবে নিবন্ধন করেছেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, যারা পোস্টাল ব্যালেটের জন্য নিবন্ধিত হয়েছেন, নির্বাচন কমিশনের নির্ধারিত তারিখের আগে তারা জামিনে মুক্ত হলেও সরাসরি সাধারণ ভোটকেন্দ্রে ভোট দিতে পারবেন না। তাদের কারাগার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কারাগার এলাকার ভোটকেন্দ্রেই ভোট দিতে হবে।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মোসা. নাহিদা পারভীন বলেন, “প্রায় ৪০০ জন আবেদন করলেও যাচাই শেষে আড়াইশ জনের মতো কারাবন্দির নিবন্ধন সম্পন্ন হয়েছে। কিছু ত্রুটির কারণে কয়েকজনের নিবন্ধন বাতিল হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

সিলেট কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, “আমাদের কারাগার থেকে ৪৭ জন কারাবন্দি পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। যাদের জাতীয় পরিচয়পত্র ছিল, তাদের সবার নিবন্ধন সম্পন্ন করা হয়েছে।”

কারা কর্তৃপক্ষের দাবি, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে কারাবন্দিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের সব নির্দেশনা মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.