বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

প্রকাশিত: ০৫ জানুয়ারী, ২০২৬ ১৪:০৮ (বৃহস্পতিবার)
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ (আইপিএল) থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে দেশে। এ ঘটনার প্রতিক্রিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচের ভেন্যু ভারত থেকে সরিয়ে নিতে আইসিসির কাছে আবেদন করেছে বিসিবি।

এদিকে আজ বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। দুপুরে তথ্য ও সম্প্রচারের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় জনাব মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করে।’

এর পরিপ্রেক্ষিতে দেশে আইপিএলের সকল খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বাংলাদেশে যে আইপিএল সম্প্রচার বন্ধ হতে যাচ্ছে, এটার অনুমান আগেই করা গিয়েছিল। মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশে আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

সেখানে আসিফ নজরুল লিখেছেন, ‘আমি তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে (উপদেষ্টা) অনুরোধ করেছি, বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়! আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।’

এছাড়া গতকাল বিসিবি পরিচালকদের জরুরি বৈঠকে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল না পাঠাতে আইসিসিকে এরই মধ্যে ই-মেইল পাঠিয়েছে বিসিবি। বিষয়টি নিয়ে আইসিসিতে জরুরি বৈঠক বসার কথা।

সেই সিদ্ধান্ত আসার আগেই আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিল।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.